ও মন রমজানের
ও মন রমজানের ঐ রোজার
শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে,
শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার
শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে
মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী
মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার
শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর
দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব
নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার
শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা,
নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে
দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার
শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন
আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে
শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন
হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার
শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে
গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার
শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন
আসমানী তাগিদ।
No comments:
Post a Comment